রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদীতে মামলার বাদীর ভাইয়ের দোকানে হামলা করেছে দ্রুত বিচার আইনের মামলার প্রধান আসামী গোলাম মোস্তুফাসহ ৮/৯জন। ২৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি গ্রামে মিজান বাজারে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়েছে ২ নারীসহ ৩ জন। আহতরা শ্রীবরদী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় বিরাজ করছে আতংক।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চকবন্দি এলাকার এনামুল মিঞার ছেলে দুলাল মিয়ার সাথে প্রতিবেশি গোলাম মোস্তুফার বিরোধ চলছিল। ওই ঘটনায় গোলাম মোস্তুফা ও সবুজ মিয়াসহ ১০/১২জন পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে দুলাল মিয়ার বাড়িতে হামলা করে। এতে বাড়িঘরে মালামাল লুটপাট ও ভাংচুর অভিযোগে দুলাল মিয়া বাদী হয়ে দ্রুত বিচার আইনে কোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে আসামিরা। কিন্তু মামলা প্রত্যাহার না করায় বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাম মোস্তুফা ও সবুজ মিয়া লাঠিসোঠা ও ধারলো অস্ত্র নিয়ে আবারও পরিকল্পিতভাবে স্থানীয় মিজান বাজারে দুলাল মিয়ার ভাই বিল্লার মিয়ার মনোহারি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। লুটপাট করে দোকানের একটি এলএডি টিভি ও হালখাতা করার জন্যে গচ্ছিত ৭০ হাজার টাকা। ওই সময় বিল্লালের মা মোছা: বেগম, তার স্ত্রী শোভা বেগম ও বিল্লাল গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিল্লাল মিয়া বলেন, হামলার সময় আশপাশের লোকজন বাঁধা না দিলে তারা আমাকে মেরেই ফেলতো। তার ভাই দুলাল মিয়া বলেন, আসামীদের হুমকি ধামকি আর হামলার ভয়ে আমরা পরিবার পরিজন নিয়ে আতংকে দিন কাটাচ্ছি।
ওই ঘটনায় আসামি পক্ষের কাউকে পাওয়া যায়নি। তবে তাদের এক আত্মীয় জানান, বিষয়টি জমি সংক্রান্ত। ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এ নিয়ে আপোষ মিমাংসার চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। পূর্বের দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলার সম্প্রতি সাক্ষী সম্পন্ন হওয়ায় আসামিপক্ষ ক্ষিপ্ত হয়ে পূর্বের ন্যায় ওই মামলার বাদীর বড়ভাইয়ের দোকানে সন্ত্রাসী কায়দায় ফের হামলা চালিয়েছে বলে আমি জেনেছি।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।























