স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান লিটনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহানের বড় ভাই শাহ ফুয়াদ (৫২) কে প্রধান আসামী করে নকলা থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু হয়েছে। ২৩ জুন রবিবার রাতে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের দায়ের করা ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে শাহ ফুয়াদের সহযোগী হিসেবে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে সৌরভ, রাকিব ও সেলিম নামে ৩ যুবককে গ্রেফতার করেছে। তবে সোমবার সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত তাদের আদালতে সোপর্দ করা হয়নি।
এদিকে রবিবার রাতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ অবস্থান নেওয়ায় সোমবার সকাল থেকে শান্ত রয়েছে নকলার পরিস্থিতি। তবে সম্ভাব্য পরিস্থিতির আশঙ্কায় এখনও এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে নকলা পৌর মেয়রের উপর ওই হামলার প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পৌর পরিষদসহ কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া সোমবার দুপুরে শেরপুর পৌরসভার সভাকক্ষে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে পৌর পরিষদ এবং কর্মকর্তা-কর্মচারী সংসদের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, নকলায় পৌর মেয়রের উপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি পুলিশের দ্রুত হস্তক্ষেপে রাতেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এলাকায় এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হামলার ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে এবং ওই মামলায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের রেশ ধরে রবিবার সন্ধ্যার দিকে অফিসের কাজ সেরে একটি মোটর সাইকেলে করে উপজেলা শহরে ফেরার পথে পৌরসভার প্রধান ফটকের সামনে ফুয়াদ হোসেনের নেতৃত্বে কয়েকজনের হামলার শিকার হন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।























