স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরেও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চলছে। আগামী ৩ জুলাই থেকে ওই নিয়োগ পরীক্ষায় আগ্রহী প্রার্থীদের পরীক্ষার প্রতিটি ধাপে প্রতারক ও দালাল চক্রের ফাঁদে না পড়তে গণসচেতনতামূলক সতর্কবার্তা দিয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। জেলায় পুলিশ বিভাগের এবারের নিয়োগ উপলক্ষে ওই সতর্কবার্তায় প্রার্থী, অভিভাবকসহ সচেতন মহল আস্থাশীল হয়ে উঠেছেন।
জেলা পুলিশের ফেসবুক পেইজে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, সম্পূর্ণ যোগ্যতা, মেধা, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিয়োগ নীতিমালা অনুসরণ করেই টিআরসি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য শুধুমাত্র ১শ টাকা সোনালী ব্যাংকের নির্ধারিত কোড নম্বরে চালানের মাধ্যমে জমা দিয়ে এবং ৩ টাকায় আবেদন ফরম সংগ্রহ করে মোট ১০৩ টাকা খরচে পরীক্ষায় উত্তীর্ণ সাপেক্ষে টিআরসি হিসেবে নিয়োগ পাওয়া যাবে। ওই ১০৩ টাকা ছাড়া টিআরসি নিয়োগ পরীক্ষার কোন পর্যায়ে আর কোন ধরনের খরচ নেই। কোন প্রার্থী টিআরসি নিয়োগ পরীক্ষার যে কোন পর্যায়ে পাশ করিয়ে দেওয়ার অজুহাত দেখিয়ে অবৈধ আর্থিক লেনদেন ও নিয়োগের জন্য সুপারিশ করা হলে সেটা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচনা করা হবে। টিআরসি নিয়োগ নিয়ে কোন ধরণের প্রতারিত না হতে ইতোমধ্যে শেরপুর জেলা পুলিশের পক্ষ হতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারী করা হয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে।
অন্যদিকে টিআরসি নিয়োগে মিথ্যা প্রলোভন দিয়ে কেউ প্রতারিত করতে চাইলে পুলিশ সুপারের ০১৭১৩৩৭৩৫১৯ নম্বর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ০১৭১৩৩৭৩৫২০, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ০১৭১৩৩৭৩৫২১, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) ০১৭৬৯৬৯৩৪৪৫ নম্বরের মোবাইল ফোনে প্রার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে। জেলা পুলিশের এত সতর্কতার পরও অনৈতিক লেনদেন ও অবৈধ পন্থায় নিয়োগ পাওয়ার তথ্য পেলে, সে নিয়োগ তাৎক্ষনিক বাতিল করা হবে। এছাড়া টিআরসি নিয়োগে প্রতারক/প্রতারকচক্র ধরিয়ে দিতে পারলে সেই সম্মানীত সচেতন নাগরিককে উপযুক্ত সম্মাননা প্রদান করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন শ্যামলবাংল্২া৪ডটকমকে বলেন, টিআরসি নিয়োগ পরীক্ষা শতভাগ স্বচ্ছ রাখার পাশাপাশি ওই নিয়োগকে কেন্দ্র করে প্রার্থীরা যেন প্রতারক দালাল চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার না হয় সেজন্যই সতর্কবার্তা জারি করা হয়েছে। কেবল তাই নয়, পুলিশ সুপারের নির্দেশে ইতোমধ্যে এলাকায় এলাকায় মাইকিংসহ মসজিদে মসজিদেও লিফলেটের মাধ্যমে সেই প্রচারণা চালানো হচ্ছে।
























