নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ঘটেছে। ২২ জুন শনিবার সকালে গৃহবধুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের মৃত মুক্তা মিয়ার কন্যা গৃহবধু মোর্শেদা বেগম (৩৫) শুক্রবার রাতে পিতার বাড়িতে তার নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ধর্নার (আড়ার) সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তবে গৃহবধূর আত্মহত্যার কারণ এখনও খুঁজে পাওযা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে ফিরোজ আলীর শিশু কন্যা লামিয়া আক্তার (৭) বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে। নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধু ও শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। মোর্শেদা বেগমের লাশ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পানিতে ডুবে মৃত্যুবরণ করার কারণে ঘটনাস্থল থেকেই উদ্ধারকৃত লামিয়ার মৃতদেহ পুলিশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সংক্রান্ত বিষয়ে থানায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোয়ার হোসেন বলেন, পৃথক ২ ঘটনায় থানায় দু’টি পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। ফাঁসির ঘটনাটির তদন্ত কাজ অব্যাহত রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
























