স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-ফিতরকে উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সার্বিক আইন-শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা, নিরাপদে ও সুলভে যাত্রী পরিবহন এবং নিরাপদ খাদ্য ও ব্যবহার্য দ্রব্যের ন্যায্য মূল্য বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক (প্রকৌশল) আব্দুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা বাস-কোচ মালিক সমিতির সহ-সভাপতি রনজিৎ সিংহ রায়, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সোবাহান আলী, নাগরিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাকিম বাবুল, জিএইচ হান্নান প্রমুখ।
সভায় জানানো হয়, প্রতি বছর ঈদযাত্রায় দূরপাল্লার বাস ও সিএনজিচালিত অটোরিক্সায় ২/৩ গুণ বাড়তি ভাড়া গুণতে হয় যাত্রীদের। এবার যাত্রী হয়রানী ও দুর্ভোগ কমাতে শেরপুর-ঢাকা রুটের দূরপাল্লার বাস ভাড়া সর্বোচ্চ ৪৫০ টাকা রাখার প্রস্তাব করা হয় এবং ভাড়ার তালিকা প্রত্যেক কাউন্টার ও বাস টার্মিনালে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া সিএনজিচালিত অটোরিক্সায় সর্বোচ্চ ১০ টাকা ভাড়া বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। সেইসাথে ঈদের দিন মসজিদে মসজিদে নিজস্ব ভলান্টিয়ার প্রস্তুত রাখাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























