লাল মোহাম্মদ

আশ্চর্য না হয়ে থাকার কোন উপায় নেই। অবাক হতে বাধ্য, ঘটনার বর্ণনায় বাকরুদ্ধ হয়ে যাই। মনের ভেতরে নানা প্রশ্ন উদয় হয়। কেন হলো এমন হত্যাকাণ্ড? শুধু কি তাই, জেলার একটি সু-পরিচিত স্বনামধন্য পরিবারের সন্তানকে পার্শ্ববতী জেলা জামালপুরে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুলে রেল পুলিশ হস্তান্তর করে তড়িঘড়ি দাফন সম্পন্ন করার প্রস্তুতিকালে সেখান থেকে উদ্ধার করে ২৩ মে শেরপুর শহরের চাপাতলি কবরস্থানে দাফন করা হয়। ফাগুনকে হারিয়ে বাবা কাকন রেজা ও মা মলি ভাষা হারিয়েছেন।
রেল যাত্রী ফাগুন যেভাবে বাবা-মায়ের কাছ থেকে নিখোঁজ হলো, পুলিশসহ সম্ভাব্য সকলকে অভিহিত করেও কোন ফলোদয় না পেয়ে নিজের সন্তানের মরদেহ রেলপুলিশের হাত থেকে বেওয়ারিশ হিসেবে কবর দেওয়ার প্রাক্কালে উদ্ধার করতে হয়েছে। তাও যদি লাশ কাটা ডোমের পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্ব না হতো, তাহলে হয়তো লাশ দাফন হয়ে যেত। লাশ দাফন হয়ে গেলে কি হতো, বাবা-মা খুঁজেই পেতো না সন্তানকে। সারাজীবন তাদের ছেলে ফিরে আসবে বলে অপেক্ষা করতে হতো। রাত-দিন খুঁজে ফিরতে হতো ছেলেকে। বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হয়ে গেলে তার বাবা-মা কি ভাবে পেতো তাদের সন্তানকে? পেলেও ততক্ষণে আইনি ঝামেলায় কত সময় নষ্ট হতো ভাবাই যায় না।
যাই হোক চারিদিকে ছুটে চলা আত্মীয়-স্বজন, একদল সাংবাদিক ফাগুনের খুঁজে বের হওয়ার সুবাদে শেষবধি ফাগুনকে পরিচয়বিহীন ব্যক্তি হিসেবে কবরে যেতে হয়নি। কিন্তু কেন একজন রেলযাত্রীর জীবন অকালে ঝরে গেল? কেনই বা রেলযাত্রীরা নিরাপদ নয়? যাই প্রশ্ন থাকুক রেল পুলিশের দাবি, ফাগুনকে নান্দিনা জংশনের কাছাকাছি রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তাদেরই দেওয়া তথ্যমতে, মঙ্গলবার রাত ১২টার দিকে রেললাইনে পাশে ফাঁকা জায়গায় একটি ছেলেকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন গ্রামবাসী। তখনও দেহে প্রাণ ছিল। গ্রামবাসী তাকে উদ্ধার করে মাথায় পানিও দিয়েছে। কিন্তু বেশিক্ষণ বাচিয়ে রাখা যায়নি। মৃত্যুর আগে কিছু বলেও যেতে পারেননি ফাগুন। আর উদ্ধার পরবর্তী সময়ে লাশের প্রকৃত মালিক না পেয়ে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়েছে।
কিন্তু সময় এত দ্রুত ছিল কেন ? লাশের প্রকৃত পরিচয় বের করতে রেল পুলিশ কি দায়িত্ব নিয়েছিল ? স্থানীয় পুলিশ স্টেশনে না জানিয়ে, জেলার উর্ধ্বতন অন্য কর্মকর্তাকে না জানিয়ে তারা কিভাবে লাশটিকে বেওয়ারিশ হিসেবে দাফন করতে যাচ্ছিল ?- এমন প্রশ্ন সকলের মনে। কি ঘটেছিল এই রেলযাত্রী ফাগুনের উপর ? কি ভাবে খুন হলো, তার ব্যবহার্য ল্যাপটপ মোবাইল কোথায়? যে মোবাইলে ঢাকা থেকে ময়মনসিংহ পৌছে মা-বাবার সাথে ফাগুনের কথা হয়। কিছুক্ষণ পর থেকেই ফাগুনের মোবাইল সংযোগ বন্ধ হয়। মোবাইলে সন্তানকে না পেয়ে সরকারি-বেসরকারি সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোন কাজে আসেনি। ফাগুনের বাবা-মা একজন রেলযাত্রী সন্তানকে না পেয়ে রেল কর্তৃপক্ষকে কোন না ভাবে অবহিত করা হলেও কোন কাজে আসেনি। তদুপরি রেলপুলিশ ও রেল কর্তৃপক্ষের দায়সারা কাজ কোন যোগসূত্রের নজির নয়তো ? তাই যদি না হবে তারা তড়িঘড়ি বেওয়ারিশ হিসেবে দ্রুত দাফনের প্রস্তুতি নেবে কেন ?
আরও আশ্চর্য হয়ে যাই, ডিজিটাল যুগে সকলের হাতে স্মার্ট ফোন। রেল পুলিশসহ সাধারণ পুলিশ সদস্যদের হাতেও দেখা যায়। কেউ একটি ছোট অপরিচিত বাচ্চা পেলেও পোষ্ট দেয়। কোন অপরিচিত লোক বিপদে পড়লে পোস্ট দিতে দেখা যায়। এমন কি পুলিশ একটি ভালো কাজ করলে পোষ্ট দেয়। অথচ রেল পুলিশ এ মাধ্যমটিকে ব্যবহার করলো না কেন? আর তাতেই নানা প্রশ্ন জন্ম দিয়েছে সাধারণ মানুষের মনে।
তাই রেলযাত্রী সাংবাদিক পুত্র অনলাইন পোর্টাল প্রিয় ডটকমের সহকারী সম্পাদক ইবনে রেজা ফাগুনের হত্যা রহস্য উম্মোচনই এখন সময়ের দাবি। এ বিষয়ে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপিসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রভাবমুক্ত তদন্তের ব্যবস্থা নিশ্চিত করে ফাগুনের হত্যায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের মধ্য দিয়ে দ্রুত বিচারের মুখোমুখি করবেন- এটাই আমাদের প্রত্যাশা।
লেখক : সাংবাদিক, নালিতাবাড়ী, শেরপুর।


























