স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক-অভিভাবক ও বন্ধুমহলসহ শহরবাসীকে কাঁদিয়ে অন্তিম শয়ানে শায়িত হয়েছেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক কাকন রেজা’র জ্যেষ্ঠ পুত্র ও তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন (২১)। ২৩ মে বৃহস্পতিবার সকালে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নামাজে জানাজায় তরুণ সাংবাদিক ফাগুনের আত্মার শান্তি কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সাবেক পিপি এডভোকেট আব্দুল কাদের খান, সাবেক জিপি এডভোকেট আনিসুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কৃষিবিদ আল ফারুক ডিওন প্রমুখ।
এদিকে তরুণ সাংবাদিক ফাগুনের মৃত্যুতে অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ।
উল্লেখ্য, রাজধানী ঢাকার অনলাইন নিউজপোর্টাল প্রিয় ডটকমের সাব এডিটর ও তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইহসান ইবনে রেজা ফাগুন ২১ মে মঙ্গলবার রাতে শেরপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেনে করে ল্যাপটপসহ জামালপুরে ফিরছিলেন। কিন্তু রাত থেকেই তার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারছিল না পরিবারের লোকজন। বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা মধ্যপাড়া রেললাইনের কাছ থেকে তার লাশ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ল্যাপটপ ও মোবাইলসহ অন্যান্য কিছু নিতেই তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে।
























