স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে রমজানে বাজার নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ২৩ মে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী শহরের নয়ানীবাজার মাংসহাটি ও খরমপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন ও অহনা জিন্নাত।
ওইসময় অস্বাস্থ্যকর পরিবেশে কোন নীতিমালা অনুসরণ না করে পশু জবাই করে ভক্ষণঅযোগ্য মাংস বিক্রির অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ১৭ ধারায় ২ জন মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। আর নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন না করা, মানহীন, মেয়াদবিহীন পণ্য, ও আদালতে নিম্নমান প্রমাণিত হওয়া ৫২ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫২ ধারায় ৩ জন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এছাড়া সড়কের দু’পাশে অবৈধভাবে অস্থায়ী সড়ক দখলকারীদের সড়ক থেকে নিজ দায়িত্বে সরে গিয়ে সাধারণ মানুষের চলাচলের জায়গা উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, জনসেবায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
























