জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে অনুষ্ঠেয় শেরপুরের নকলা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। ২১ মে মঙ্গলবার শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে ওই মনোনয়নপত্র দাখিল করেন তারা।
মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দলের বিদ্রোহী প্রার্থী শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম, ফরিদা ইয়াসমিন ও লাকী আক্তার।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র দাখিলকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদে অপর প্রার্থী শাহ মোঃ বোরহানসহ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলকালে তাদের প্রস্তাবকারী, সমর্থনকারী ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।
























