জেলা প্রশাসনের প্রতি খোলা চিঠি
স্টাফ রিপোর্টার ॥ ঈদে সড়কপথে রাজধানী ঢাকা থেকে শেরপুরে এবং আন্তঃজেলায় যাতায়াতে যাত্রীভাড়া সহনীয় পর্যায়ে রাখার জন্য নাগরিকদের তরফ থেকে দাবি উঠেছে। এজন্য জেলা প্রশাসনের প্রতি খোলা চিঠি ও দৃষ্টি আকর্ষণমূলক আবেদন জানিয়ে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন শেরপুরের নেটিজেনরা। আর ওই দাবির সাথে একমত পোষণ করে আসছেন শত শত নেটিজেন।
শেরপুরের নাগরিক আসিফ শাহনেওয়াজ তুষার জেলা প্রশাসন বরাবর ২০ মে তার ফেসবুক ওয়ালে দেওয়া খোলা চিঠিতে উল্লেখ করেছেন, শেরপুরে ঈদ এলেই দূরপাল্লার বাস ও সিএনজিচালিত অটোরিক্সার ভাড়া ২/৩ গুণেরও বেশি বেড়ে যায়। এতে যাত্রী ভোগান্তি অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে। এছাড়া ওই সময়ে কোন কোন এলাকায় চলে জুয়ার আসর। এজন্য জেলা প্রশাসনের প্রতি ৩টি দাবি উল্লেখ করে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘১। আমরা যারা ঢাকায় থাকি, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময় প্রতিবারই আমাদের জিম্মি করে ৩০০ টাকার বাসভাড়া ৭০০-১০০০ টাকা নেওয়া হয়। এমনও আছে, সোনার বাংলার মতো বাস গত রোজার ঈদে গাজীপুর চৌরাস্তা থেকে শেরপুর পর্যন্ত দাঁড়িয়ে যাত্রী নিয়েছে ৭শ টাকা, আর সিট প্রতি ১৩শ টাকা। ভাবা যায়! এবার ঈদে আমাদের এই জিম্মিদশা থেকে মুক্তি দিতে পারবেন ? আমরা ঈদ উপলক্ষে বেশি ভাড়া দিতে রাজি আছি। তবে সেটা ৪শ’র বেশি হলে অমানবিক হয়ে যায়। ২। প্রতি ঈদেই দেখা যায়, জেলার বিভিন্ন জায়গায় প্রকাশ্য জুয়ার আড্ডা চলে, একদমই প্রকাশ্যে। কোন চক্ষুলজ্জা নেই, কোন ভয়ডর নেই, কোন প্রকার বাছবিচার নেই। এমনকি অনেক চৌকিদারদেরও দেখা যায় সেখান থেকে হফতা নিতে। খুল্লামখুল্লা এই জুয়া চলে ঈদের ২/৩ দিন পর্যন্ত। ততদিনে ঢাকা থেকে আসা নিরীহ গার্মেন্টস কর্মীরা তাদের কস্টের টাকা খুইয়ে হয় সর্বশান্ত। এবার শেরপুরবাসীকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারবেন? ৩। এবার আসি সিএনজি অটোরিক্সার কথায়। শেরপুরের খোয়ারপাড় থেকে জেলার বিভিন্ন স্থানের জনপ্রতি নরমাল ভাড়া যেখানে ৩৫-৪০ টাকা, ঈদের ৫ দিন আগে থেকেই সেটা এক লাফে হয়ে যায় ৮০-১০০ টাকা। সিস্টেমটা এমন, ‘গেলে যান, না গেলে না যান।’ ঈদ উপলক্ষে এখানেও আমরা বেশি দিতে রাজি আছি। তাই বলে এতোটা! আমরা যারা মোটরসাইকেল কিংবা প্রাইভেটকার চালাই, তাদের হয়তো সমস্যা নাই কিন্তু ৩-৪ গুণ ভাড়া দিতে গেলে জনসাধারণের তো নাভিশ্বাস উঠে যায়। যাই হোক, এবারের ঈদে এই ৩টা জিনিস থেকে শেরপুরবাসীকে মুক্তি দিতে পারবেন? আপনারা ইচ্ছা করলেই সম্ভব। ধরে নেন, এটাই আমাদের ঈদ উপহার। এই উপহারটা দিবেন কি?’
এছাড়া সানী আবু জাফর নামে শেরপুরের আরেক নাগরিক ২১ মে তার ফেসবুক ওয়ালে দেওয়া জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ আসনের সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পৌর মেয়রের প্রতি দৃষ্টি আকর্ষণমূলক স্ট্যাটাসে ঈদে রাজধানী ঢাকা থেকে শেরপুরে যাতায়াতে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি ও যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করে যাত্রীবাহী বাস ভাড়া অযৌক্তিকভাবে যাতে বৃদ্ধি না পায় সেজন্য রাজনৈতিক ও প্রশাসনিক অভিভাবকদের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঈদে যাত্রীভাড়া বৃদ্ধির বিষয়ে জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, প্রতিবারই আমরা ঈদে যাত্রী ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলি। এবারও তার ব্যত্যয় হবে না। যাত্রী সাধারণ যেন ন্যায্য ভাড়ায় যাতায়াত করতে পারে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রয়েছে। তবে ঈদের আগে ঢাকা-শেরপুর ও ঈদের পরে শেরপুর-ঢাকার ফিরতি ট্রিপে গাড়ি খালি থাকে। এ কারণে কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল ঈদে দূরপাল্লার যাতায়াতে যাত্রী ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে নাগরিকদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, এ বিষয়ে পরিবহন মালিক সমিতির কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
























