স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এক অগ্নিকান্ডে দু’টি বসতঘরসহ অন্তত: ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। ১৩ মে সোমবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার চরশেরপুর টাঙ্গারিয়াপাড়ায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার চরশেরপুর টাঙ্গারিয়ার পাড়ার বাদল মিয়ার তালাবদ্ধ বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র, ধান-চালসহ অন্তত: ৫ লক্ষাধিক টাকার মালামালসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত পরিবারটি শেষ সম্বল সবই পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। ১৪ এপ্রিল বিকেলে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমাজকর্মী মোঃ মেরাজ উদ্দিন ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। ওইসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।
























