ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাইরুদ্দিন (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ১৪ মে মঙ্গলবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর ধানশাইল গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ছাইরুদ্দিন স্থানীয় মৃত কালু শেখের ছেলে।
ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ছাইরুদ্দিন তার ঘরের টিনের চালের উপর পড়া বিদ্যুতের তার সরাতে যায়। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। আহত ছাইরুদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছাইরুদ্দিনের মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























