শেরপুরে পুষ্টি চাল বিষয়ক কর্মশালা
দেবাশীষ ভট্টাচার্য, শেরপুর ॥ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হতদরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূরীকরণে সরকার পুষ্টি চালের জন্য প্রায় ২০ লাখ মার্কিন ডলার বরাদ্দ রেখেছে। এ লক্ষ্যে ডব্লিউএফপি ২৫ হাজার মেট্রিক টন পুষ্টি চাল বিতরণ করছে। ২০১৮ সালে দেশে ১২ লাখ সুবিধাভোগী পুষ্টি চাল গ্রহণ করেছে। ২০১৯ সালের শেষ নাগাদ ২০ লাখের বেশি সুবিধাভোগী পুষ্টি চাল গ্রহণের আওতায় আসবে। ৫ মে রবিবার দুপুরে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে পুষ্টি চাল সংক্রান্ত এক কর্মশালায় বক্তারা ওইসব কথা বলেন। মহিলা-শিশু বিষয়ক ও খাদ্য মন্ত্রণালয় ওই কর্মশালার আয়োজন করে।
‘সুস্থ শরীর সুস্থ মন, পুষ্টি চালে হয় গঠন’ এ প্রতিপাদ্য নিয়ে দুপুরে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব রায়না আহম্মেদ। ওইসময় পুষ্টি চালে মিশ্রিত ভিটামিন এ, বি১, বি১২, আয়রন, ফলিক এসিড ও জিংকসহ ৬টি অনুপুষ্টি উপাদান নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ^ খাদ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক আনার কলি মাহবুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপ-সচিব মো. আমিনুল ইসলাম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও নিউট্রিশান ইন্টারন্যাশনাল (এনআই) এর সহযোগিতায় কর্মশালায় অন্যান্যের মধ্যে এনআইয়ের প্রোগ্রাম অফিসার ড. আশেক মাহফুজ ও শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। কর্মশালায় জেলার খাদ্য, কৃষি, স্বাস্থ্য, মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, সাংবাদিক, ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























