শ্যামলবাংলা ডেস্ক : ভুয়া খবর ছড়ানো এবং অবিশ্বাস্য তথ্যের কারণে ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের ৬৮৭ টি পেজ বন্ধ করে দিয়েছে সামাজিক মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় সাইট ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, কংগ্রেস আইটি সেলের সঙ্গে যুক্ত এই পেজ বা অ্যাকাউন্টগুলি ভারতের লোকসভা নির্বাচনের আগে ভুয়া খবর ছড়াতে তৈরি করা হয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষের এমন অভিযোগের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কংগ্রেসের পক্ষ থেকে।
ফেসবুকের সাইবার সিকিউরিটি পলিসির প্রধান ন্যাথানিয়েল গ্লেইচার সোমবার সাংবাদিকদের বলেন, ‘স্বয়ংক্রিয়ভাবেই পেজগুলো বন্ধ হয়ে গেছে। কারণ পেজগুলো থেকে ভারতে অবিশ্বাস্য ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। এই পেজগুলোর সঙ্গে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের আইটি সেলের সম্পৃক্ত পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা নেটওয়ার্কগুলো বন্ধ করেছি কারণ ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে নেটওয়ার্কগুলোর মাধ্যমে ওই অ্যাকাউন্ট সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল’।
তার ভাষায়, ফেসবুকের মাধ্যমে মানুষকে যাতে বিভ্রান্ত না করা হয় এবং ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার না করা হয় সেজন্য ধারাবাহিকভাবে তারা প্রতিনিয়ত কাজ করছেন। তিনি বলেন, ‘ ওই পেজ ও অ্যাকাউন্টগুলো থেকে যে বিষয়বস্তু শেয়ার করা হয়েছে তার ভিত্তিতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বরং মিথ্যা তথ্য ও পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খোলার কারণে ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’
ন্যাথানিয়েল গ্লেইচার বলেন, ‘যারা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়েছে তারা তাদের পরিচয় লুকানোর চেষ্টা করেছে। কিন্তু অনুসন্ধানে এর সঙ্গে কংগ্রেসের আইটি দলের সম্পৃক্ততা আমরা পেয়েছি’।
এসময় সাংবাদিকরা ভারতের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ফেসবুক পেজের বিরুদ্ধেও এমন অভিযোগ আছে কিনা জানতে চাইলে ন্যাথানিয়েল গ্লেইচার বলেন, ‘ এ বিষয়ে এখনও তদন্ত চলছে।’
এদিকে ফেসবুক তথ্যকে হাতিয়ার করেই রাহুল গান্ধীর দলকে আক্রমণ করেছে ক্ষমতাশীন দল বিজেপি। এ বিষয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইটারে আক্রমণ করেছেন কংগ্রেসকে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি খবরের সত্যতা যাচাই করে প্রতিক্রিয়া জানানোর কথা বলেছেন। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

























