স্টাফ রিপোর্টার ॥ ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ওইসময় তিনি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদ্বিতীয় ভূমিকার কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার হওয়ার পরও পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনার মূলে সবচেয়ে বড় আঘাত করেছেন। ইতিহাসকে করেছেন বিকৃত ও ক্ষত-বিক্ষত। তিনি বলেন, জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে সেই চেতনাকে শাণিত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াচ্ছে। তাই আজকে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে জাতিকে দীপ্ত শপথ নিতে হবে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এতে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ। এনডিসি মেজবাউল আলম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম মঞ্জু, জিন্নাত আলী, হুইপকন্যা সাদিয়া জাহান অপি প্রমুখ।
পরে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
























