স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যানজট নিরসন ও ট্রাফিক কার্যক্রমের বিষয়ে যানবাহন সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীমহলের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। ৭ মার্চ বৃহস্পতিবার সকালে সদর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ওইসময় তিনি যানজটমুক্ত শহর গড়ার কর্মসূচীতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করে বলেন, যানজট নিরসনে জনসচেতনতার কোন বিকল্প নেই। তাই পুলিশ ও যানবাহন চালকদের পাশাপাশি যাতায়াতকারীসহ জনগণের সচেতনতা আরও বাড়াতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পুলিশ পরিদর্শক (শহর ও যানচলাচল) জাহাঙ্গীর আলমসহ যানবাহন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় শেরপুরের বাস-ট্রাক, সিএনজিচালিত অটোরিক্সা চালক-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
























