নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক স্ত্রীর দ্বিতীয় স্বামী বাবুল মিয়াকে নৃশংসভাবে হত্যা করেছে প্রথম স্বামী মফিজুল ইসলাম ওরফে কালু (৩৫)। ২৫ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাতে উপজেলার খুজিউরা গ্রামে ওই ঘটনা ঘটে। রাতেই প্রথম স্বামী মফিজুল ইসলাম কালুকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় মঙ্গলবার নিহত বাবুলের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১৪ বছর আগে নালিতাবাড়ী উপজেলার খুজিউরা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের কন্যা শহিদা বেগমের (২৭) বিয়ে হয় পৌর শহরের গড়কান্দা মহল্লার আমির হোসেনের পুত্র রিকশাচালক মফিজুল ইসলাম ওরফে কালুর সাথে। সংসার জীবনে তাদের ময়না নামে ১১ বছরের একজন কন্যা ও সজীব নামে ৬ বছরের একজন পুত্র রয়েছে। কালু বছরের প্রায় বেশিরভাগ সময় ঢাকায় মানিকনগর বস্তিতে থেকে রিকশা চালাতো। ওই সময় তার পরিচয় হয় আরেক রিকশাচালক একই উপজেলার কোন্নগর গ্রামের আরমান আলীর পুত্র ২ সন্তানের জনক বাবুল মিয়ার (৩৫) সাথে। ওই পরিচয়ের সুবাদে মাঝে-মধ্যেই বাবুল কালুর সাথে তার বাড়িতে বেড়াতে যেতো। ওই সুযোগে বাবুলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে কালুর স্ত্রী শহিদার। এক পর্যায়ে প্রায় মাসখানেক আগে শহিদা প্রথম স্বামী কালুকে তালাক দিয়ে বাবুলকে বিয়ে করে। সন্তানদের কালুর বাড়িতে রেখে বসবাস শুরু করে খুজিউরা গ্রামের মামা মোস্তফার বাড়িতে। ওই ক্ষোভে সোমবার রাত দেড়টার দিকে শহিদা ও দ্বিতীয় স্বামী বাবুল প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে আগে থেকেই উৎ পেতে থাকা কালু স্ত্রীকে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। ওই সময় দ্বিতীয় স্বামী বাবুল তাকে রক্ষা করতে গেলে কালু বাবুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ওইসময় স্ত্রী শহিদা কালুকে গলায় ঝাপটে ধরে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে গিয়ে কালুকে আটক করে বেঁধে রেখে থানায় খবর দেয় এবং বাবুলকে হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। পরে পুলিশ কালুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খুনের অভিযোগে কালুকে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালু খুনের কথা স্বীকার করে জানিয়েছে, গত ৩ দিন যাবত বাবুলকে খুন করার জন্য চেষ্টা চালাচ্ছিল সে।
























