ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার চাই’ এ শ্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে বর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ওই মিছিলটি উপজেলা সদর বাজারের থানা মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় এক হাজার নাগরিক অংশ গ্রহণ করে।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি জহুরুল হক মিলন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য ও মানবাধিকার কর্মী জাহিদুল হক মনির, যিদনী মডেল স্কুলের প্রধান শিক্ষক কাউছার আহম্মেদ লালন প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, বর্তমানে তরণ প্রজন্মরা কথার বলার সময় বাংলা ভাষার শব্দের পরিবর্তে ইংরেজি-হিন্দি ও আঞ্চলিক শব্দের বেশি ব্যবহার করছে। আর এ ভাবে চলতে থাকলে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার হারিয়ে যাবে। তাই তাদেরকে শুদ্ধ বাংলা ভাষা শিখতে হবে। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হওয়ার আহবান ও সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবি জানানো হয়।
























