শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : আসন্ন শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে তৃণমূল ভোট হয়েছে। তবে যারা তৃণমূলের কাছে যাননি তারা লবিং করছেন দলের হাইকমান্ডে। এদের একজন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল। তিনি শহর ও গ্রামাঞ্চলে চালাচ্ছেন গণসংযোগ। সমর্থন ও দোয়া প্রার্থনা করে দুয়ারে দুয়ারে ঘুরছেন তিনি। প্রতিদিন চলছে নির্বাচনী কর্মসূচী। প্রচারণাকালে তিনি তুলে ধরেন তার বর্তমান ও অতীতের রাজনীতি নানা অনুকূল ও প্রতিকূলতার কথা।
তিনি জানান, ছাত্রলীগ থেকেই তার রাজনীতি শুরু। যুবলীগে যোগ দিয়ে দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া যুবলীগকে উজ্জীবিত করেছেন। বিগত জাতীয় নির্বাচনে তার ভূমিকা ছিল অপরিসীম। তার নেতৃত্বে উপজেলা যুবলীগ অক্লান্ত পরিশ্রম করেছে। গিয়েছে জনগণের দুয়ারে দুয়ারে। নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেছেন। বিভিন্ন কর্মসূচী সফল করতে উপজেলা যুবলীগের ভূমিকা ছিল অসাধারণ। এসব কর্মকাণ্ডের কারণে এবার উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগসহ দলের অংগসংগঠনের মধ্যে ব্যাপক সারা ফেলেছে। এতে তারণ্যের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন জাহিদুল ইসলাম জুয়েল।
তিনি বলেন, আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করি। দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচিত হবো। আমি নির্বাচিত হলে আদর্শ নামে খ্যাত শ্রীবরদী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। এ সময় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























