ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বন বিভাগের সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গজনী ফরেষ্ট বিট এরিয়ার গান্ধিগাঁও এলাকা থেকে ওই অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে প্রায় ১ একর জমি বন বিভাগের দখলে নেওয়া হয়। বন কর্মকর্তা ও কর্মচারীরা ওই অভিযানে অংশ নেয়।
রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গান্ধিগাঁও গ্রামের ভূমিদস্যু দুলাল মিয়া প্রায় ১ একর জমি দখল করে ওই জমির উপর ঘর নির্মাণ করে অবৈধভাবে ভোগ দখল করে আসছিল। সরকারের নির্দেশে ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তার দখলে বন বিভাগের আরও ২৫-৩০ একর জমি রয়েছে। পর্যায়ক্রমে ওইসব জমি থেকেও তাকে উচ্ছেদের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
























