স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯ এ বিভাগীয় পর্যায়ের খেলায় একক ও দ্বৈত ক্যাটাগরি দুটোতেই চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা পুলিশ। ১৬ ফেব্রুয়ারি বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন মাঠে আয়োজিত চূড়ান্ত পর্বের খেলায় একক ক্যাটাগরিতে ময়মনসিংহ জেলা পুলিশকে হারিয়ে শেরপুর জেলা এবং দ্বৈত ক্যাটাগরিতে নেত্রকোনা জেলা পুলিশকে হারিয়ে শেরপুর জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়।
একক ক্যাটাগরিতে শেরপুর জেলা পুলিশের ডিএসবি সদস্য শহীদুল ইসলাম এবং দ্বৈত ক্যাটাগরিতে শহীদুল ইসলাম ও এএসআই হরিপদ পাল জুটি অংশগ্রহণ করেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম। ময়মনসিংহ পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার)’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে রেঞ্জ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় শেরপুর জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।
























