ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে হাবিবুর রহমান (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছে। ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। হাবিবুর স্থানীয় আব্দুল হালিমের ছেলে।
মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা জানান, হাবিবুর মানসিক ভারসাম্যহীন ছিল। একসপ্তাহ আগে তার স্ত্রী ও সন্তানসহ শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। ঘটনার রাতে হাবিবুর রহমান পাশের গ্রামে একটি মাহফিলে যোগ দেন। মাহফিল শেষে বাড়িতে ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে প্রতিদিনের ন্যায় হাবিবুর ঘুম থেকে উঠছিল না। উঠতে দেরী দেখে হাবিবুরের পিতা আব্দুল হালিম ছেলেকে ডাকতে থাকে। কিন্তু কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করেন তিনি। ওইসময় ঘরের আড়ার (ধন্যা) সাথে ছেলে হাবিবুরের ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
























