স্টাফ রিপোর্টার ॥ শেরপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন আহাম্মদের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকালে পাকুড়িয়া গণইবরুয়া এলাকায় থাকা মরহুমের কবর জিয়ারত ও আলোচনা সভা।
শুক্রবার সন্ধ্যায় শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চেম্বারের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি আরিফ হোসেন, পরিচালক বশিরুল ইসলাম শেলু, মরহুমের পুত্র হাসান মোহাম্মদ কিবরিয়া পিপু, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন, ব্যবসায়ী ভোলানাথ ঘোষ, রাশেদুল হাসান ডিয়ার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নিজাম উদ্দিন আহাম্মদ ছিলেন শেরপুরের রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গণের অন্যতম প্রধান দিকপাল। তৎকালীন সংগ্রাম পরিষদের আহবায়ক হিসেবে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হয়েও তিনি ভারতে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকেও তিনি তার উদারতা, দক্ষতা ও সাহসিকতার কারণে সার্বজনীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। রাষ্ট্র ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেও তিনি মানুষের অধিকার আদায়ের আন্দোলন করেছেন। তিনি কেবল সুদিনে নয়, দুর্দিনেও একই সাহস নিয়ে কথা বলতেন। এমন বর্ষীয়ান নেতার আজ বড়ই অভাব। সুতরাং তার নীতি ও আদর্শ অনুসরণ করলে সমাজ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে।
























