শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের শ্রীবরদীতে গণসংযোগে নেমেছেন ভাইস-চেয়ারম্যান প্রার্থী জুয়েল আকন্দ। ৯ ফেব্রুয়ারি শনিবার রাতে পৌর শহরের ব্যবসায়ী মহল ও সাধারণ ভোটারদের কাছে সমর্থন ও দোয়া চান তিনি। প্রার্থীদের মধ্যে তিনি তরুণ। এ জন্য ভোটের মাঠে তাকে নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। জুয়েল আকন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পৌর শহরের খামারিয়াপাড়া এলাকার ইসমাইল আকন্দের ছেলে।
সাংবাদিকদের সাথে কথা হলে তিনি জানান, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। প্রার্থী হিসেবে তিনি নতুন মুখ হলেও ছাত্রলীগের রাজনীতি করায় উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে সুপরিচিত। তিনি প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম, পাড়া ও মহল্লায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। সমর্থনের আশায় যাচ্ছেন সাধারণ ভোটারদের দুয়ারে দুয়ারে। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে উপজেলাকে আধুনিক ও ডিজিটাল হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করব। উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়িয়ে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাব।
























