নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউপি’র সংরক্ষিত ১নং ওয়ার্ড (সাধারণ ওয়ার্ড- ১, ২ ও ৩) আসনের সদস্যের মৃত্যুজনিত কারনে শূন্য পদে উপ-নির্বাচন প্রতীক ছাড়াই জমে উঠেছে। প্রার্থী ও তাদের সমর্থকরা প্রতীক ছাড়াই নিজ নিজ নামে নির্বাচনী প্রচার কাজে রাত দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সম্প্রতি শূন্যপদ পূরণের জন্য উপ-নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওই ইউপি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ হবে। সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডের সদস্য শিউলী বেগমের মৃত্যুজনিত কারণে ইউপি সংরক্ষিত আসনের ওই সদস্য পদটি শূন্য হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে ৩ জনই বৈধ প্রার্থী হিসেবে গণ্য হন। বৈধ প্রার্থীরা হলেন সংরক্ষিত ১নং ওয়ার্ডে গত নির্বাচনে ভোটে দ্বিতীয় হওয়া নিপা বেগম এবং নতুন প্রার্থী হিসেবে মাইমুনা বেগম ও সালমা বেগম। ১০ ফেব্রুয়ারি রবিবার প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে বলা যাবে চূড়ান্তভাবে কে কে বা কয়জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সংরক্ষিত আসনের ১নং ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড- ১, ২ ও ৩ নং) এ মোট ৭ হাজার ৬৩ জন ভোটার ও ৩টি ভোট কেন্দ্র রয়েছে। ৩টি ভোট কেন্দ্রের আওতায় ১৪টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
























