স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। ২ ফেব্রুয়ারি শনিবার প্রথম দিনে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাংলা ১ম পত্র পরীক্ষা।
জেলা প্রশাসনের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, জেলার ৫ উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল (কারিগরি) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৬ হাজার ৮৮৬ জন। এর মধ্যে এসএসসিতে ১৩ হাজার ৬৪৪ জন, দাখিলে ২ হাজার ২৫৮ জন, কারিগরি শাখায় ৯৮৪ জন পরীক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় কোন শিক্ষার্থী বহিস্কার হওয়ার ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিল ১২০ জন। এর মধ্যে এসএসসিতে ২৯, দাখিল ৭১ ও কারিগরি শাখায় ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিকে পরীক্ষা কেন্দ্র ও এর আশেপাশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নজরদারি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্তসংখ্যক আইন-শ্খৃলাবাহিনী মোতায়েন করা হয়।
























