ads

শনিবার , ৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-২ আসনে রিপনের ভাগ্যেই জুটল বিএনপির চূড়ান্ত মনোনয়ন

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুর-২ আসনে রিপনের ভাগ্যেই জুটল বিএনপির চূড়ান্ত মনোনয়ন
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে অবশেষে নালিতাবাড়ী উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান, নবীন ও অপেক্ষাকৃত অনুজ প্রার্থী একেএম মোখলেসুর রহমান রিপনের ভাগ্যেই জুটেছে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির চূড়ান্ত মনোনয়ন। ৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সবাইকে অবাক করে দিয়ে কেন্দ্রীয়ভাবে দলের অপর ২ প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব ব্যারিস্টার এম হায়দার আলী ও দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরীকে বাদ দিয়ে রিপনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ওই ঘোষণায় শেষ মুহূর্তে কপাল পুড়ল দ্বন্দ্বে থাকা ২ নেতা ব্যারিস্টার হায়দার আলী ও ফাহিম চৌধুরীর। আর চূড়ান্ত মনোনয়ন নিয়ে মোখলেসুর রহমান রিপন এ আসনে লড়াইয়ে অবতীর্ণ হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ৪ বারের সংসদ সদস্য ও দলের হেভিওয়েট প্রার্থী বেগম মতিয়া চৌধুরীর সাথে। এদিকে শুক্রবার রিপনকে চূড়ান্ত মনোনয়নের ঘোষণার পর থেকে শনিবার দিনভর বিষয়টি ‘টক অব দি টাউন’ হিসেবে আলোচিত হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় দ্বন্দ্ব ও একাধিক প্রার্থী থাকার বিষয়টিই একেএম মোখলেসুর রহমান রিপনের ভাগ্য খুলে দিয়েছে। অবশ্য বিশ্লেষকরা তার পারিবারিক অবস্থান ও নিজের আচার-আচরণকেও ইতিবাচক হিসেবেই দেখছেন। অন্যদিকে তারা এবার সবাইকে তাক লাগিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রাথীর বিপরীতে তার মনোনয়ন প্রাপ্তির বিষয়টিকে দেখছেন বিএনপির অর্ন্তদ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবেই। কারণ হিসেবে তারা বলেছেন, দল ও নেতাদের প্রতি প্রকৌশলী ফাহিম চৌধুরীর ‘অতি আস্থা-বিশ্বাস’ এবং তার সাথে ব্যারিস্টার হায়দার আলীর দ্বন্দ্বের পাশাপাশি জেলা বিএনপির এক শীর্ষ নেতার দুর্বলতার সুযোগেই ভাগ্য খুলেছে নবীন ও অপেক্ষাকৃত অনুজ রিপনের। তবে দলের দ্বন্দ্ব এবং বিপরীত প্রার্থীর দলের বিষয়গুলো এবার কিভাবে কাজে লাগাবেন রিপন-সেটিই দেখার বিষয়।
জানা যায়, পারিবারিক সূত্রে বিএনপির রাজনীতির সাথে জড়িত একেএম মুখলেছুর রহমান রিপন। তিনি নালিতাবাড়ীর নন্নী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য প্রয়াত হাফিজুর রহমানের পুত্র এবং জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট হাবিবুর রহমানের আপন ভাতিজা। রিপনের ছোট ভাই একেএম মাহবুবুর রহমান রিটন নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বড় ভাই মোস্তাফিজুর রহমান আব্দুল্লাহ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক। তার বোন জেসমিন আক্তার ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সহ-সভাপতি, ফরিদা নাজনীন শ্রীবরদী উপজেলা মহিলা দলের সভাপতি, সাবিনা ইয়াসমিন বিউটি জামালপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিপন শেরপুর সরকারি কলেজে অধ্যয়নকালীন জেলা ছাত্রদলের নেতা হিসেবে সক্রিয় ছিলেন। ওই সময় রাজনৈতিক মামলা-মোকদ্দমায় একাধিকবার তাকে হাজতবাস খাটতে হয়েছে। এরপর ২০০৩ সালে তরুণ বয়সেই অংশ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় দ্বন্দ্ব ও নিজের পারিবারিক অবস্থান কাজে লাগিয়ে প্রথম ও ২০০৭ সালে দ্বিতীয় দফায় নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ২ হেভিওয়েট প্রার্থীকে পেছনে ঠেলে চেয়ারম্যান নির্বাচিত হন। কেবল তাই নয়, তারপর নন্নী ইউনিয়নে অনুষ্ঠিত উপ-নির্বাচনে নিজের ছোট ভাই একেএম মাহবুবুর রহমান রিটনকে নির্বাচিত করেন চেয়ারম্যান।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে প্রয়াত হুইপ জাহেদ আলীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী ও সাবেক সচিব ব্যারিস্টার এম হায়দার আলীর মধ্যেই মনোনয়ন লড়াইয়ের বিষয়টি মাঠে আলোচিত ছিল। সেই লড়াইয়ে যুক্ত হচ্ছেন মোখলেসুর রহমান রিপন- এমন গুঞ্জন ছিল মৃদু। কিন্তু প্রথম দফায় সবাইকে তাক লাগিয়ে রিপনই পেয়ে যান দলের টিকেট। এরপর টিকেট পান ব্যারিস্টার এম হায়দার আলী ও সর্বশেষ ফাহিম চৌধুরী। এক পর্যায়ে নালিতাবাড়ী ও নকলা বিএনপির নেতারা যৌথ সভা ও সংবাদ সম্মেলন করে ফাহিম চৌধুরীর একক প্রার্থিতা চূড়ান্ত না হলে গণপদত্যাগের হুঙ্কার দেন। ওই অবস্থায় গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইকালে প্রার্থিতা বাতিল হয় একেএম মুখলেসুর রহমান রিপনের। এরপর তারা দুজন বিশেষ করে ফাহিম চৌধুরী ফুরফুরে মেজাজে থাকলেও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিলে প্রার্থিতা ফিরে পান রিপন। এরপর দলের ৩ প্রার্থীর তরফ থেকেই মনোনয়ন চূড়ান্ত করার লবিং-গ্রুপিংয়ের মধ্যেই ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঘোষিত হয় রিপনের নাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ৩টি আসনে মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জেলা পর্যায়ের খেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads