স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। ৭ ডিসেম্বর শুক্রবার মহাজোটের প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ২৪০ আসনে এবং ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্য দিয়ে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি, ৪ বারের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক ও বিএনপি মনোনীত জেলা বিএনপির সাধারণ সম্পাদক শিল্পপতি মোঃ হযরত আলীর মেয়ে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত দলের প্রেসিডিয়াম সদস্য, ৪ বারের সংসদ সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও বিএনপি মনোনীত জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, নালিতাবাড়ী উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত টানা ২ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন ও বিএনপি মনোনীত জেলা বিএনপির সভাপতি, ৩ বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মাঠে লড়বেন। এদিকে আগেভাগেই শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগের একক প্রার্থিতা চূড়ান্ত করায় তারা স্ব-স্ব এলাকায় মাঠ গুছানোর কাজে এগিয়ে থাকলেও এখনও সে কাজে পিছিয়ে রয়েছেন শেষ মুহূর্তে চূড়ান্ত হওয়া বিএনপি প্রার্থীরা।
জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রধান ২ প্রার্থী ছাড়াও এখন পর্যন্ত থাকা অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী জহির রায়হান, ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মোঃ মতিউর রহমান ও সিপিবির প্রার্থী আফিল শেখ। তবে শেষ মুহূর্তে জাপা প্রার্থী ইলিয়াস উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন- এমনটিই শোনা যাচ্ছে।
শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রধান ২ প্রার্থী ছাড়াও বিএনপির অপর ২ নেতা ব্যারিস্টার এম হায়দার আলী ও প্রকৌশলী ফাহিম চৌধুরীসহ ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলাম বহাল রয়েছেন। দলীয় সূত্রমতে, ঐক্যফ্রন্টের প্রার্থী চূড়ান্ত হওয়ায় এখন ব্যারিস্টার এম হায়দার আলী ও প্রকৌশলী ফাহিম চৌধুরী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রধান ২ প্রার্থী ছাড়াও এখন পর্যন্ত আরও প্রার্থী হিসেবে রয়ে গেছেন মেজর (অবঃ) মাহমুদুল হাসান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু নাছের বাদল ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সাত্তার। দলের সিদ্ধান্তের কারণে এখানেও বিএনপির মেজর (অবঃ) মাহমুদুল হাসান ও জাপার আবু নাসের বাদলকেও প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে।
























