নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলাধীন ধনাকুশা গ্রামের মরহুম জাফর আলীর ছেলে মুক্তিযোদ্ধা আজগর আলী আর বেঁেচে নেই। তিনি ৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। মৃত্যুকালে মুক্তিযোদ্ধা আজগর আলীর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলায় জীবিত সব মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষের মনে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকাল ১০ টায় ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আজগর আলীর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যান্য সদস্যবৃন্দ এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন মহল শোক প্রকাশসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পরিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আজগর আলী প্রায় এক বছর আগে যক্ষ্মা (টিবি) রোগে আক্রান্ত হন। পরে তাকে দীর্ঘ ৯ মাস যক্ষা রোগের চিকিৎসা দেওয়ার পরে যক্ষ্মা থেকে রক্ষা পান। তার কিছুদিন পরেই আবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে তাঁর ফুসফুসে পানি জমেছে বলে সেখানকার চিকিৎসকগণ জানান। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত চিকিৎসা করলে আজগর আলী সম্পূর্ণভাবে সুস্থ্য হয়ে উঠেন। কিন্তু শুক্রবার দুপুরের দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে ডাক্তারের কাছে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
























