ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন অতীতের ভুল-ত্রুটি স্বীকার করে নৌকার পক্ষে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ৭ ডিসেম্বর শুক্রবার রাতে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মেহমান কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই আহবান জানান। তিনি বলেন, মানুষ ভুল-ত্রুটির উর্ধ্বে নয়। আমার অতীতের ভুলগুলো ক্ষমা করে দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসীদের হাত থেকে শান্তিতে বসবাসের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, গত দু’বারের সংসদ সদস্য থাকাকালীন দু’উপজেলায় ২শ’কোটি টাকার উন্নয়ন হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে ওই বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী বিদ্যুৎ, ফকির সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুল হালিম, কৃষি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্টু, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনার উল্যাহ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম প্রমুখ। বর্ধিত সভা সঞ্চালণা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ।
























