স্টাফ রিপোর্টার ॥ ‘সাবধানে চালাবো গাড়ী নিরাপদে ফিরবো বাড়ী’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক এক ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে নতুন বাসটার্মিনালে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত ওই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় তিনি বলেন, যানবাহনের সকল চালক-হেলপারকে তার পেশাদারিত্ব নিয়ে গাড়ী চালাতে হবে। সড়কে গাড়ী চালনার সময় চালকদের মনে রাখতে হবে শুধু চালক নয় তার সাথে আরও অনেক যাত্রী রয়েছেন। যাত্রীদের নিরাপত্তার কথা মনে রেখে গাড়ী চালালে সড়ক দুর্ঘটনা কম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু ও সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাসরিন আক্তার।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ওই ট্রাফিক ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক যানবাহন-১ মেহেদী হাসান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলাল উদ্দিন, কার্যকরী সদস্য জাকির হোসেন টুলু, গাড়ী চালক মামুন মিয়া, শিপন মিয়া প্রমুখ। ওইসময় সাংবাদিক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দসহ চালক-শ্রমিকগণ উপস্থিত ছিলেন।























