
স্টাফ রিপোর্টার ॥ ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নানা ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ হাতে নিয়েছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের স্নেহ-ভালোবাসা দিয়ে সম্পদে পরিণত করতে হবে। র্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের কর্মকর্তা, বিপুল সংখ্যক প্রতিবন্ধী শিশু ও শিক্ষার্থী উপস্থিত ছিলন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। পরে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
























