শেরপুরে ৩টি আসনে বিএনপির ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল

খবর টি পড়েছেন : ২৫০
শেরপুরে ৩টি আসনে বিএনপির ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে দাখিল করা ২২টি মনোয়নপত্রের মধ্যে বিএনপির ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই সাথে বৈধ ঘোষণা করা হয়েছে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র। ২ ডিসেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের ওই তথ্য জানান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে বিএনপির ৪ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্রই বাতিল হয়েছে। এর মধ্যে ৪ টি ব্যাংকের ঋণ খেলাপির দায়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল কাদের লুটু ও জেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম মাসুদের মনোনয়নপত্রে বিএনপির প্রার্থী বলে উল্লেখ করলেও এর সঙ্গে দলীয় মনোনয়নের চিঠি দিতে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলীর মেয়ে বিএনপি মনোনীত অপর প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাসহ ৬ প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ মোঃ ইলিয়াস উদ্দিন, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী জহির রায়হান, ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মোঃ মতিউর রহমান ও সিপিবির প্রার্থী আফিল শেখ।
শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম মোখলেছুর রহমান রিপন উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেও তা গৃহীত হওয়ার কোন কপি দাখিলে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্যদিকে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিএনপি মনোনীত অপর ২ প্রার্থী ব্যারিস্টার এম হায়দার আলী ও প্রকৌশলী ফাহিম চৌধুরী, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল ইসলামসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে পিডিপি প্রার্থী আবু বকর সিদ্দিক স্বয়ং বা তার কোন প্রতিনিধির অনুপস্থিতিসহ তার মনোনয়নপত্রে অসামঞ্জস্যতা থাকায় এবং স্বতন্ত্র ২ প্রার্থী ইন্তাজ আলী ও সারওয়ার্দী বাহাদুরের মনোনয়নপত্রে ১ ভাগ ভোটারের সমর্থন না থাকাসহ ভূয়া সাক্ষর থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল ও মেজর (অবঃ) মাহমুদুল হাসান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু নাছের বাদল, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সাত্তারসহ ৫ প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা আনার কলি মাহবুব জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আগামী ৩ দিনের মধ্যে আপিলে বাতিলকৃতদের মনোনয়নপত্র বৈধতা পেলে তারা বৈধ প্রার্থী হিসেবে তালিকায় স্থান পাবেন।

Shamol Bangla Ads

এদিকে দুপুর থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র বাছাইকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুনসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চেম্বার অব কমার্সের নির্বাচন ॥ প্রার্থী ও… পরবর্তী সংবাদ নকলায় ইদুর নিধনে রেকর্ড গড়ার অভিযান ॥ কাজ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads