শেরপুরে চেম্বার অব কমার্সের নির্বাচন ॥ প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ২২০
শেরপুরে চেম্বার অব কমার্সের নির্বাচন ॥ প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন পরিচালনা কমিটি। ১ ডিসেম্বর শনিবার রাতে চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়। নির্বাচনের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির ২ সদস্য এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও অধ্যাপক মুশফিকুজ্জামান সেলিম। পরামর্শমূলক বক্তব্য রাখেন নির্বাচনে আপীল বোর্ডের দায়িত্বে থাকা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের প্রধান সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন, সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সাবেক পরিচালক কানু চন্দ্র চন্দ, সাবিহা জামান শাপলা, জাবেদ জাহান ইসলাম প্রমুখ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, দেবাশীষ সাহা রায়, হাকিম বাবুল, আব্দুর রফিক মজিদ, মহিউদ্দিন সোহেল প্রমুখ।
মতবিনিময়ের আলোকে পূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ভেন্যু জেলা শিল্পকলা একাডেমি পরিবর্তন করে নিউমার্কেটস্থ নতুন ভবনের দুতলা করা হয়। সেইসাথে পরিবেশ সুষ্ঠু ও ঝামেলা এড়ানোর স্বার্থে নির্বাচনের দিন জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে পর্যবেক্ষক টিম ও নির্ধারিত গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকার নিশ্চিতকরণের পাশাপাশি কেন্দ্রে ভোটার ও প্রার্থীদের বাইরে অন্যদের যাতায়াত নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি-বেসরকারি স্থাপনায়, ব্যক্তিগত চেম্বার, অফিস, বাসায় অনুমতি ব্যতীত কোন সাইনবোর্ড বা ক্ষতিকর স্থানে প্রার্থীদের লিফলেট সাঁটানো, মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন বন্ধেও গুরুত্বারোপ করা হয়। এতে চেম্বার সচিব হারুন অর রশিদসহ নির্বাচনে অংশগ্রহণকারী অধিকাংশ প্রার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে ওই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের তরফ থেকে এক প্রশ্নের জবাবে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় জানান, ওই সিদ্ধান্তটি চেম্বার অব কমার্সের সাধারণ পরিষদের নেওয়া। তিনি ওই বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে ওইদিনই নির্বাচনটি করতে হচ্ছে। তবে নির্বাচনের দিন শহীদ বুদ্ধিজীবীদের যথাযথভাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।
উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ৩ গ্রুপে একজন নারীসহ ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদে ৩ জন, সাধারণ গ্রুপে ১২ পরিচালক পদে ২০ জন ও সহযোগী গ্রুপে ৫ পরিচালক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘হিজড়া’ জনগোষ্ঠি ও সামাজিক বাস্তবতা : আমাদের করণীয় পরবর্তী সংবাদ শেরপুরে ৩টি আসনে বিএনপির ৫ প্রার্থীসহ ৭ জনের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads