ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও সহযোগী সংগঠনের ২টি অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। ২৯ নভেম্বর বৃহস্পতিবার গভীররাতে ওই ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় শুক্রবার সকালে দলীয় নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ আসনের প্রার্থী মাহমুদুল হক রুবেল ঘটনাস্থল পরিদর্শন করে দলীয় নেতা-কর্মীদের শান্ত করেন। ওইসময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি জানার পর আমি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছি। গভীর রাতে ঘটনাটি ঘটায় আমরা কাউকে দোষারোপ করতে পারছি না। তবে যারাই ঘটিয়ে থাকুক, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও যুবদল সভাপতি আব্দুল মান্নান অভিযোগ করে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলা সদর বাজারের শিমুলতলী এলাকায় উপজেলা বিএনপির অফিস ও থানা মোড় এলাকায় সহযোগী সংগঠনের অফিস বন্ধ করে নেতা-কর্মীরা বাড়িতে চলে যান। কিন্তু গভীর রাতে কে বা কারা ওই ২টি অফিস ভাংচুর করে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ওই ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।























