স্টাফ রিপোর্টার ॥ অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভোটে লড়ার ঘোষণা থেকে সরে দাঁড়িয়েছেন শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে আওয়ামী লীগের শক্ত ২ মনোনয়নপ্রত্যাশী। তারা হচ্ছেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখেই তারা ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাদের। আর এর মধ্য দিয়ে ওই দু’টি আসনেই দলে থাকলো না বিদ্রোহ। জেলার অপর আসনটিতেও সর্বাধিক সংখ্যক মনোনয়নপ্রত্যাশী মাঠে থাকলেও তারাও ক্রমেই নৌকার প্রশ্নে নমনীয় হয়ে আসছেন।
জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে ৪ বারের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাকে পরিবর্তনের দাবি তুলে এবার মাঠ চষে বেড়াচ্ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। এ আসনে দলের ১৭ জন নেতা দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও মূল মনোনয়নপ্রত্যাশী ছিলেন হুইপ আতিক ও উপজেলা চেয়ারম্যান ছানু। কিন্তু গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সাক্ষাতে মনোনয়ন প্রশ্নে উপজেলা চেয়ারম্যানদের ‘না’ বলে দেওয়ায় হতাশ হয়ে পড়েন ছানু তার সমর্থকরা। এরপরও চেষ্টা-তদবির অব্যাহত থাকার এক পর্যায়ে হুইপ আতিককেই এ আসনে পঞ্চম দফায় দলীয় মনোনয়ন দেওয়া হলে এলাকায় চাউর হতে থাকে ছানু স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। ফলে নানা সমীকরণে আবারও কেন্দ্রে ডাক পড়ে ছানুর। যে কারণে থমকে যান তিনি। এরপরই ২৮ নভেম্বর বুধবার জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ তার বলয়ের নেতা-কর্মীদের নিয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক জরুরি সভা আহবান করে নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেন। ওইসময় উপস্থিত নেতা-কর্মীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হলেও তারা নৌকার প্রশ্নে ঐক্যমত পোষণ করেন। দলীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা ছানুকে আশ্বস্ত করেছেন যে, দেশের কোথাও উপজেলা পরিষদ চেয়ারম্যানদের মনোনয়ন দেওয়া হয়নি। তাছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নে সোনার বাংলার বাস্তবায়নে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাই ব্যক্তির প্রতি লড়াই তথা ক্ষোভ-আবেগ ত্যাগ করে জাতীয় স্বার্থে নৌকার পক্ষে কাজ করে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। তবে ভবিষ্যতে তাকে দলীয়ভাবে মূল্যায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন তারা।
এদিকে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে ৪ বারের সংসদ সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাঠে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কৃষিবিদ বদিউজ্জামান বাদশাও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে হেরে যাওয়ায় এবারও ধরে নেওয়া হয়েছিল মনোনয়ন না পেলে বিদ্রোহী হয়েই লড়তে পারেন তিনি। ফলে মতিয়া চৌধুরীকে মনোনয়ন দেয়ার পর চাউর হতে থাকে বাদশা গত নির্বাচনের মতোই স্বতন্ত্র অথবা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষে লড়বেন। তবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হলেও তিনি মনোনয়নপত্র জমা দেননি। তিনি ২৭ নভেম্বর মঙ্গলবার নালিতাবাড়ীতে নিজের বাসায় আয়োজিত দলীয় নেতা-কর্মী সমর্থকদের সভায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ওই ঘোষণা দিয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন। ওইসময় তিনি নৌকার পক্ষেই লড়বেন বলে ঘোষণা দিয়ে বলেন, আমি ৩৫ বছরের রাজনীতিতে কোনো দিন অন্য দলে যোগদানের কথা স্বপ্নেও ভাবিনি। নির্বাচন করতে অন্য দলে যাব কেন? আমার নেত্রী শেখ হাসিনা ডেকে নিয়ে আমাকে যে নির্দেশনা দিয়েছেন আমি এর বাইরে যাব না। ওইসময় নেতাকর্মীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এতে বাদশা নিজেও কান্নায় ভেঙে পড়েন ও সবাইকে শান্ত থেকে নেত্রীর নির্দেশ মানার আহ্বান জানান।























