স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুইপ আতিউর রহমান আতিককে মোটর শোভাযাত্রায় অভ্যর্থনা জানাতে গিয়ে মাইক্রোবাস চাপায় সুরুজ আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও চালক জুয়েল মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। ২৭ নভেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার তারাকান্দি এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের মোতাহার আলীর ছেলে। আহত জুয়েল নকলা উপজেলার চিথলিয়া এলাকার বাসিন্দা। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে আসা আতিউর রহমান আতিককে অভ্যর্থনা জানাতে প্রায় ২ সহস্রাধিক মোটরসাইকেল ও কয়েকটি মাইক্রোবাসের বহর নিয়ে নেতাকর্মীরা এগিয়ে যান। ওই সময় বহরে থাকা সুরুজ আলীর মোটরসাইকেলকে চাপা দেয় বিপরীত থেকে যাওয়া একটি মাইক্রোবাস। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ওই হতাহতের ঘটনা ঘটে। পরে থানা পুলিশ মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যায়।























