স্টাফ রিপোর্টার : অনেক জল্পনা-কল্পনার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের বর্তমান ৩ সংসদ সদস্য। ফলে নৌকা প্রতীক নিয়ে শেরপুর-১ (সদর) আসনে টানা পঞ্চম দফায় জাতীয় নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ষষ্ঠ দফায় নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আর শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে তৃতীয় দফায় নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ২৫ নভেম্বর রবিবার দুপুরে রাজধানী ঢাকার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থিতা চূড়ান্ত করে তাদের হাতে চিঠি তুলে দেওয়া হয়েছে।
জানা যায়, শেরপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪’র টানা ৪ নির্বাচনেই বিপুল ভোটাধিক্যে সংসদ সদস্য নির্বাচিত হন আতিউর রহমান আতিক। চতুর্থ দফায় নির্বাচিত হওয়ার পর তাকে সংসদের সরকারদলীয় হুইপ মনোনীত করা হয়। এবারের নির্বাচন ঘনিয়ে আসার বেশ আগে থেকেই এ আসনে হুইপ আতিককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাঠ চষে বেড়াচ্ছিলেন দলের উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। মনোনয়ন সংগ্রহের পর সাক্ষাৎপর্বে তাকে মনোনয়নপ্রশ্নে না বলে দেওয়া হলেও শেষ মুহূর্তের জটিল সমীকরণে ঘুরপাক খাচ্ছিল হুইপ আতিকের দলীয় মনোনয়ন। শেরপুর-২ আসনে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪’র নির্বাচনসহ টানা ৫ দফায় দলীয় মনোনয়ন পেলেও ২০০১ এর নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারানো হয় অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরীকে। অন্য ৪টি নির্বাচনেই তিনি বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হন। ২০১৪’র নির্বাচনের মতো এবারও এ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা বেগম মতিয়া চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এছাড়া শেরপুর-৩ আসনে ২০০৮ ও ২০১৪ সালে দলীয় মনোনয়ন পেয়ে দু’দফাতেই সংসদ সদস্য নির্বাচিত হন প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। এ আসনে দলের সর্বাধিক আরও ১৩জন মনোনয়নপ্রত্যাশী ফজলুল হক চাঁনকে চ্যালেঞ্জ দিয়ে মাঠে বিরাজ করছিলেন। নানা সমীকরণে শেষ মুহূর্তে ফজলুল হক চাঁনের মনোনয়ন ঝুলে গেলেও নানা নাটকীয়তায় শেষ হাসি তিনিই হাসলেন।
এদিকে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার বিষয়টি শেরপুর সদরসহ ৩টি নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে মনোনয়নপ্রাপ্ত নেতাদের সমর্থকদের মাঝে আনন্দ বিরাজ করলেও বিক্ষুব্ধদের তরফ থেকে কোথাও কোন বড় ধরনের প্রতিক্রিয়া বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগেই শেরপুর-১ আসন থেকে আতিউর রহমান আতিক ও শেরপুর-৩ আসন থেকে প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন সহসাই বেগম মতিয়া চৌধুরীও মনোনয়নপত্র সংগ্রহ করবেন।























