স্টাফ রিপোর্টার ॥ শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। ২৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় শহরের বটতলাস্থ জেলা চাউল কল মালিক সমিতি ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই প্যানেল ঘোষণা করেন প্যানেলের উপদেষ্টা, পৌর মেয়র ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
প্যানেলে সভাপতি পদে প্রার্থী করা হয়েছে জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রৌশনকে (সাধারণ গ্রুপ)। সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী করা হয়েছে প্রকাশ দত্ত (ট্রেড গ্রুপ) ও জুনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আরিফ হোসেনকে (সাধারণ গ্রুপ)। প্যানেলের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন ট্রেড গ্রুপে অজয় চক্রবর্তী জয়, সাধারণ গ্রুপে গোপাল সাহা, নির্মল সাহা, বশিরুল ইসলাম শেলু, লায়েছুর রহমান দারা, তৌহিদুর রহমান পাপ্পু, মনির উদ্দিন আহম্মেদ, এসএম আজিজুদ্দীন ইকরাম, বাহারাম বাদশা, মুসা মিয়া ও জাহাঙ্গীর আলম, সহযোগী গ্রুপে অটলেশ মালাকার, খুরশিদ আলম মিঠু, চন্দন সাহা, রাজন সরকার ও শুভ্র সাহা বাবন।
এ উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক ফখরুল মজিদ খোকনের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, প্যানেল নেতা আসাদুজ্জামান রৌশন, আলহাজ্ব দুলাল উদ্দিন, হরিদাস সাহা প্রমুখ। সভা পরিচালনা করেন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব শামীম হোসেন। সভায় সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রার্থীদের জেতাতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।























