‘সকলের সমন্বিত প্রয়াসে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গতিশীলতা বৃদ্ধি পেয়েছে’
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর শনিবার বিকেলে জেলা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত ওই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান। ওইসময় তিনি বিচারক, আইনজীবী, চিকিৎসক ও পুলিশসহ সংশ্লিষ্ট সকলের সদিচ্ছায় ফৌজদারী মামলার দ্রুত নিস্পত্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে বলেন, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াস ছাড়া ফৌজদারী মামলার দ্রুত নিষ্পত্তিসহ ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়। এক্ষেত্রে একটি মামলার তদন্ত থেকে শুরু করে বিচারিক পর্যায় পর্যন্ত সকল সমস্যা ও তা নিরসনের উপায় চিহ্নিত করে শেরপুরে সকলেই সদিচ্ছা নিয়ে কাজ করছেন। সকলের এ দায়িত্বশীলতা আরও যত বাড়বে বিচারিক ক্ষেত্রে ততই ভালো নজির সৃষ্টি হবে।
সভায় মামলার তদন্ত ক্ষেত্রে উপস্থাপিত নানা সমস্যার আলোকে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, আমাদের কোন ক্ষেত্রই ত্রুটি বা সমস্যামুক্ত নয়। তাই হয়তো পুলিশের দায়িত্বের ক্ষেত্রেও ত্রুটি বা সমস্যা রয়ে যাচ্ছে। তবে তার সময়কাল থেকে বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। এরপরও কিছু কিছু সমস্যা দেখা দিলে সেগুলো তার নজরে পড়লে বা কোন তরফ থেকে নজরে দেওয়া হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাসের সভাপতিত্বে কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এপিপি রওশন কবীর আলমগীর ও নন্দকিশোর চৌহান, কোর্ট ইন্সপেক্টর খন্দকার আমিনুর রহমান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নওয়াজেশ আলী, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেয়াজ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার জাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন শাহ, বন বিভাগের প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের সঞ্চালনায় কনফারেন্সে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা ও বেগম মোমিনুন্নিছা খানমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে আদালতে সাক্ষীদের উপস্থিতি, আগমন ও প্রত্যাগমনের সময় তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, তদন্তকার্যে অপ্রত্যাশিত বাঁধাসমূহ দূরীকরণ, জেল-হাজত হতে বন্দিদের সময়মতো আদালতে হাজিরা নিশ্চিতকরণ, গ্রেফতারি ও ক্রোকি পরোয়ারা জারি করতে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ, আদালত প্রাঙ্গণ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মালখানা হতে জব্দকৃত আলামতসমূহ সময়মতো আদালতে উপস্থাপন এবং মামলার তদন্তে বিলম্বের কারণ অনুসন্ধান ও তা নিরসনের উপায় নিয়ে বিশদ আলোকপাত করা হয়। সেইসাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নিয়মিতকরণের উপর গুরুত্বারোপ করা হয়।























