নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটির (সনাক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার সকালে সনাকের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল বাশার, ডা: মো: আহসানুল হাবিব, সনাকের সহ-সভাপতি এন. এম. সাদরুল আহসান, টিআইবি’র এরিয়া ম্যানেজার এস. এম. আতিকুর রহমান সুমন প্রমুখ।
মতবিনিময় সভায় ৫০ শয্যার সকল সেবা নিশ্চিত না হওয়া, বহির্বিভাগে সার্বক্ষণিক ডাক্তার না পাওয়া যাওয়া, অতিরিক্ত অর্থ গ্রহণ, অভিযোগ দায়ের সংক্রান্ত নির্দেশনা, চিকিৎসকদের ডিউটি রোস্টার টানানো, নারী রোগীদের সেবার তালিকার বোর্ড তৈরী, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ, তথ্য সেবা কেন্দ্র বা হেল্প ডেস্ক স্থাপন, অভিযোগ নিষ্পত্তির গাইড লাইন তৈরী, তথ্য প্রদান ও অভিযোগ নিষ্পত্তির রেজিস্ট্রার ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় হয়।
সভা শেষে টিআইবি কর্মকর্তা সনাক ও স্বজন সদস্যদেরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।
























