উৎকণ্ঠায় আ’লীগ-বিএনপি ॥ ফুরফুরে মেজাজে জাপা-জামায়াত!
শ্যামলবাংলা ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে শেষ মুহূর্তের জটিল সমীকরণে ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও গণফোরামের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থিতা। এতে আওয়ামী লীগ ও বিএনপির প্রধান ২ মনোনয়নপ্রত্যাশীসহ তাদের অনুসারীরা চরম উৎকণ্ঠায় থাকলেও ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে জাতীয় পার্টিসহ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের। অন্যদিকে এ আসনে রাজনৈতিক অঙ্গন আর চায়ের টেবিলসহ সর্বত্র এখন আলোচিত হচ্ছে এ বিষয়টি। সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্রসহ একাধিক দায়িত্বশীল সূত্রের সাথে কথাসহ মাঠ পর্যায়ের চিত্র পর্যবেক্ষণে পাওয়া গেছে ওই তথ্য।
জানা যায়, শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭শ ৮৭ জন। এ আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাটি হিসেবেই পরিচিত। ৭০’ এর নির্বাচন থেকে ২০১৪’র নির্বাচন পর্যন্ত বিএনপির ১৫ ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনসহ ১০টি নির্বাচনের মধ্যে ৫টিতেই জিতেছে আওয়ামী লীগ। অন্য ৫টি নির্বাচনের মধ্যে জাতীয় পার্টি ৩টি ও বিএনপি ২টি নির্বাচনে বিজয়ী হলেও ওইসব নির্বাচনের প্রতিটিতেই অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি নির্বাচন ব্যতীত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৪টিতে আওয়ামী লীগ হেরেছে দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থিতার কারণে। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার বেশ আগে থেকেই এ আসনে আওয়ামী লীগে চরম কোন্দল চলছে। প্রকাশ্যে অবস্থানসহ পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করে আসছে দলের বিবদমান দু’অংশ। ফলে টানা ৪ বারের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিকের প্রতি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাঠ চষে বেড়াচ্ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। এবারের নির্বাচনে তারা দু’জনসহ এ আসন থেকে ১৭ নেতা দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন। এরপর গণভবনে অনুষ্ঠিত সাক্ষাৎকারে জেলা-উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়ার পর থেকে প্রার্থিতা নিয়ে অনেকটা শঙ্কামুক্ত হয়ে পড়েন হুইপ আতিক। তার বলয়ে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। এ বলয়ের দাবি, হুইপ আতিকের প্রার্থিতা নিয়ে এখন আর কোন উৎকণ্ঠা নেই।
কিন্তু আওয়ামী লীগে হুইপ আতিকের প্রধান প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান ছানুকে সরিয়ে দেওয়ার ঘোষণা এবং বিবদমান দু’পক্ষের চরম কোন্দলকে পুঁজি করে নড়েচড়ে উঠেন শেরপুরে থাকা পূর্বপুরুষদের বংশধর জাকের পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল এবং জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইলিয়াস উদ্দিন। সূত্রমতে, এক পর্যায়ে মোস্তফা আমির ফয়সালের দৃষ্টি ঢাকা ও ফরিদপুরের দিকে সরানো সম্ভব হলেও এখনও সরানো সম্ভব হয়নি মোঃ ইলিয়াস উদ্দিনকে। মহাজোট থেকে নমিনেশন বাগিয়ে নিতে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের মাধ্যমে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ দলের সিনিয়র নেতাদের কাছে চলছে ইলিয়াস উদ্দিনের লবিং। সূত্রের দাবি, মনোনয়ন চূড়ান্ত করার শেষ মুহূর্তে বিষয়টি নাকি সর্বোচ্চ পর্যায়ে বিবেচনায় রয়েছে। সূত্রমতে, ইলিয়াস উদ্দিনকে মেনে নিতে কষ্ট হলে প্রয়োজনে রওশন এরশাদকে মহাজোটের প্রার্থী করতেও মরিয়া অবস্থায় রয়েছে জাতীয় পার্টি। যে কারণে খোশমেজাজে থাকার পরও একদিকে যেমন বর্তমান সংসদ সদস্য আতিক ও তার অনুসারীরা শেষ মুহূর্তের জটিল সমীকরণে চরম উৎকণ্ঠায় রয়েছেন, অন্যদিকে একইসাথে ঘুরপাক খাচ্ছে এ আসনে মহাজোটের প্রার্থিতা। এখন মহাজোটের প্রার্থী কে হচ্ছেন আতিক না রওশন এরশাদ বা ইলিয়াস উদ্দিন?- এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে উৎসুক মানুষের মাঝে। তবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সদর উপজেলা চেয়ারম্যান ছানু জানিয়েছেন, তিনি এখনও হাল ছাড়েননি। উপজেলা চেয়ারম্যানদের ‘না’ বলে দিলেও ক্ষেত্রমতে বিষয়টি শিথিল করা হচ্ছে বলেই শুনেছি। তাই এখনও অপেক্ষা করছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়ন না পেলেও পরিবর্তনের ডাক দিয়ে আন্দোলনে থাকা জনগণ মাঠ ছাড়তে দেবে এমনটা মনে করি না। তবে বিএনপি বা ঐক্যফ্রন্টের নির্বাচনে থাকা না থাকা বা তাদের প্রার্থিতার উপর নির্ভর করবে পরবর্তী অবস্থান- এমনটাই বলছেন তার অনুসারীরা।
অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলী এ আসনে ঐক্যফ্রন্টের প্রধান প্রার্থী হিসেবে আলোচিত হয়ে আসলেও তিনি দীর্ঘ প্রায় ৪ মাস যাবত সন্ত্রাস-নাশকতার মামলায় কারাবন্দি থাকাসহ ঋণ কেলেঙ্কারির ঝামেলায় রয়েছেন। সূত্রমতে, এ আসনে হযরত আলীর পাশাপাশি সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তৌহিদুর রহমানসহ ৫ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেও মাঠ পর্যায়ের রিপোর্ট ও কেন্দ্রীয় অবস্থান দুটোই তার অনুকূলে রয়েছে। তবে অনেক খড়-কাঠ পুড়িয়েও মামলা ও ঋণ বিষয়ক ঝামেলা এখনও শেষ হয়নি হযরত আলীর। যে কারণে উৎকণ্ঠায় শান্তনা খুজে পেতে নিজের কন্যা ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নামেও সংগ্রহ করা হয়েছে মনোনয়নপত্র। হযরত আলীর বিকল্প হিসেবে মেয়ে প্রিয়াঙ্কার প্রার্থিতার বিষয়ে যেমন সাড়া মিলছে না এলাকায়, ঠিক তেমনি মাঠে থাকা অপর ২ আইনজীবী নেতাকেও সেভাবে গ্রহণ করছেন না তৃণমূলের নেতা-কর্মীরা। ওই অবস্থায় এরশাদের জাতীয় পার্টি থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েও পরবর্তীতে জাতীয় পার্টির মঞ্জু গ্রুপে চলে যাওয়া শাহ রফিকুল বারী চৌধুরীর নাম বরাবরের মতো এবারও চলে এলেও অনটনজনিত কারণে সেটাও কাজে দেয়নি। ফলে শেষ মুহূর্তের জটিল সমীকরণের ঘুর্ণাবর্তে হঠাৎ করেই আলোচনায় চলে এসেছেন এ আসনের তৎকালীন ৪ দলীয় জোট থেকে ৩ বার ও নিজের দল থেকে একবারসহ ৪ বার নির্বাচনে অংশ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী যুদ্ধাপরাধের দায়ে ফাসি হওয়া জামায়াতের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ কামারুজ্জামানের পুত্র ওয়ামি জামান। সূত্রমতে, বিএনপির প্রার্থিতা ফসকে গেলে এখন তাকেই ঐক্যফ্রন্টের বিকল্প প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। যে কারণে জাতীয় পার্টির নেতা-কর্মীদের পাশাপাশি এ আসনে চুপসে থাকা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের তৎপরতাও বেড়ে উঠছে।
























