স্টাফ রিপোর্টার ॥ ১৫০ বছর পূর্তির অনুষ্ঠান নিয়ে শেরপুর পৌরসভা ও প্রেসক্লাবের মধ্যকার উদ্ভুত অবস্থার অবসান হয়েছে। ২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে পৌরসভার আহবানে পৌরসভা কক্ষে আয়োজিত এক সমঝোতা বৈঠকে সৌহাদ্যপূর্ণ পরিবেশে তার অবসান হয়। সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন ১৫০ বছর পূর্তি উৎসব উদযাপন পরিষদের আহবায়ক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি বলেন, ১৫০ বছর পূর্তির মতো একটি বিশাল অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে যাওয়াটা অস্বাভাবিক নয়। অনুষ্ঠানটি সফল করতে স্থানীয় সাংবাদিকরা বিশাল ভূমিকা পালন করেছেন। তাই তাদের মূল্যায়নের ক্ষেত্রে কিছু ঘাটতি হয়ে থাকলেও সেটা কোনভাবেই ইচ্ছাকৃত নয়। তদুপরি ওই ঘটনায় প্রেসক্লাবের সিদ্ধান্তের বিষয়ে প্রকাশিত খবরকে কেন্দ্র করে কাদা ছুড়াছুড়ির বিষয়টিও অনাকাঙ্খিত। তিনি বলেন, উৎসব উদ্বোধনের পূর্বেই প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের মতামতের মূল্যায়ন করতেই গৃহীত সিদ্ধান্তে বেশ কিছু রদবদল করা হয়েছে। কাজেই আলোচনার মাধ্যমেও ওই সমস্যা নিরসন করা যেতো। এজন্য প্রেসক্লাবের গৃহীত সিদ্ধান্তের বিষয়ে পৌর কর্তৃপক্ষও কষ্ট পেয়েছে। তদুপরি সার্বিক বিষয় অনুধাবন করতে পেরেই তা দ্রুত নিরসনকল্পে পৌর কর্তৃপক্ষের সদিচ্ছায় সমঝোতা বৈঠক ডাকা হয়েছে। কাজেই শেরপুর প্রেসক্লাবের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান শেরপুর পৌরসভার সু-সম্পর্ক ও ভাতৃত্ব বজায় রাখতে উদ্ভুত অবস্থায় দুঃখ প্রকাশ করছি।
অন্যদিকে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ শরিফুর রহমান বলেন, কোন দায়িত্বশীল প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে যখনই কোন ব্যত্যয় ঘটে, তখনই সমস্যা দেখা দেয়। মূল্যায়ন প্রশ্নে প্রেসক্লাবের কর্মকর্তাসহ সাংবাদিকদের প্রতি উদাসিনতার কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ধরে রাখার স্বার্থেই প্রেসক্লাবের তরফ থেকে কঠিন সিদ্ধান্তে যেতে হয়েছিল। তবে উদ্ভুত অবস্থা দ্রুত নিরসনকল্পে পৌর কর্তৃপক্ষ সদিচ্ছা প্রকাশ করে উদ্যোগ গ্রহণ করায় আমরা উভয় প্রতিষ্ঠানের সম্পর্ক ধরে রেখে ভবিষ্যতে আরও সৌহার্দ্যপূর্ণ করতে চাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈঠকের মধ্যস্থতাকারী জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, প্রচার সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। ওইসময় পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, তৌহিদুর রহমান বিদ্যুৎ ও নাজমা বেগমসহ অন্যান্য কাউন্সিলর, পৌর সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিমসহ অন্যান্য কর্মকর্তা এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে উদ্ভুত অবস্থার শান্তিপূর্ণ অবসান হওয়ায় প্রেসক্লাবের গৃহীত নিন্দা প্রস্তাবসহ উভয় পক্ষের ফেসবুক স্ট্যাটাস প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, অবমূল্যায়নের প্রতিবাদে ১৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধনী পর্বের দ্বিতীয় দিনে শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে আয়োজিত অনুষ্ঠান বয়কট করেন স্থানীয় সাংবাদিকরা। পরে প্রেসক্লাবে আয়োজিত নির্বাহী পরিষদের এক জরুরি সভায় ওই ঘটনায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। সেইসাথে উদ্ভুত অবস্থায় আগামী ২২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পৌরসভার সংবাদ বর্জনসহ পরবর্তী কর্মসূচী গ্রহণ করা হবে বলেও ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
























