নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমায় দিবে গো মুছিয়া, এমন সুদিন আমার কোন দিন গো হবে’- এমনই হৃদয় দুলানো সুরেলা কন্ঠে গান গেয়ে গানের জগতে জায়গা করে নিয়েছেন শেরপুরের লালন কন্যা জেসমিন। ছোটবেলা থেকেই পারিবারিক সহযোগিতায় গানের জগতে প্রবেশ করেন লালন কন্যা। আসলে সব ধরনের গানই গেয়ে থাকেন জেমমিন। প্রায় সব অনুষ্ঠানে কমপক্ষে একটি করে হলেও লালন শাহের গান পরিবেশন করায় শ্রোতারা স্থানীয়ভাবে তাকে লালন কন্যা জেসমিন বলেই চেনেন।
লালন কন্যা জেসমিনের বাসা শেরপুর শহরের বারাকপাড়া এলাকায়। ৫ ভাইবোনের মধ্যে জেসমিন তৃতীয়। নিজ এলাকার একটি বৈশাখী মেলায় গান পরিবেশনের মাধ্যমে জেসমিনের গান করার যাত্রা শুরু। বর্তমানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সঙ্গীতপিপাসু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। মা মাহমুদা বেগম সবসময় জেসমিনকে সঙ্গীত চর্চার প্রেরণা যোগান। গত ৫ বছর ধরে চলছে তার এই সঙ্গীত চর্চা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় টেলিভিশনের নামি-দামি গানের প্রতিযোগিতামুলক অনুষ্ঠানে অংশ গ্রহণ করার সুযোগ হয়ে ওঠেনি তার। তবে জেসমিন জানায়, ইতোমধ্যেই জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা পুরস্কার, রেডক্রিসেন্ট পুরস্কার ও ২০১৭ সালে শেরপুর পাতাবাহার খেলাঘর আসরের রবিন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন। এছাড়াও বৃহত্তম ময়মনসিংহে সাংস্কৃতিক ফোরাম প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় দর্শক শ্রোতাদের ভালবাসায় স্থানীয় ও জাতীয়ভাবে গানের জগতে বিশেষ অবদান রাখতে চান। সঙ্গীত চর্চার পাশাপাশি লেখাপড়ায় পিছিয়ে নেই জেসমিন। এ বছর সে শেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন। তার আশা, গানের জগতে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার। একজন পেশাদার শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। রুকুনুজ্জামান রুকনের কাছে জেসমিন নিয়মিত গানের তালিম নেন। তিনি যে কোন অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে যাচ্ছেন। দর্শকশ্রোতা ও ভক্তদের উদ্দেশ্যে জেসমিন বলেন, সকলের ভালবাসা ও দোয়া থাকলে গানের জগতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
























