মনোনয়নপ্রত্যাশী ছানুর পক্ষে মুড়ির ব্যাগ মাথায় নিয়ে ভিন্নধর্মী প্রচারণা
স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-১ (সদর) আসনে এবার হুইপ আতিউর রহমান আতিক এমপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। তিনি ২৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে শহরের খাদ্যগুদাম মোড়ে বিক্ষুব্ধ ধলা ইউনিয়নবাসীর শোডাউন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নানা অনিয়ম-দুর্নীতিসহ দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন ও চরাঞ্চলের উন্নয়নে বৈষম্যের কারণে শেরপুর সদরের মানুষ আজ ‘আতিক ছাড়া নৌকা চাই, নৌকার মাঝি ছানু ভাই’ শ্লোগান তুলে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানুর পক্ষে দিন দিন অবস্থান ভারি হয়ে উঠায় হুইপ আতিক ঈর্ষান্বিত হয়ে ধলা ইউনিয়নের নেতা-কর্মীসহ বিভিন্ন এলাকায় তার বিপরীত মেরুর সমর্থকদের নানাভাবে চাপ দিচ্ছেন। তিনি বলেন, চাপ দিয়ে লাভ নেই। সদরের ভোটারদের স্মার্টকার্ড নিয়ে যার যার পক্ষে অবস্থান নিতে বললে ছানুয়ার হোসেন ছানুর পক্ষের অবস্থান অবশ্যই ভারি হবে। তৃণমূলের মানুষ আজ জেগে উঠে তার পক্ষে অবস্থান নিয়েছে।
সমাবেশে দলের মনোনয়নপ্রত্যাশী ছানুয়ার হোসেন ছানু বলেন, আমাদের খরমপুর কার্যালয়ে প্রতিদিন কর্মীদের মুড়ি ও চা দিয়ে আপ্যায়ন করা হয়। ধলা ইউনিয়নে আমার কর্মীরা বেশ কিছুদিন ধরে তাদের নিজেদের টাকায় প্রায় ৫শ ব্যাগ মুড়ি ক্রয় করে। আজ তারা ওই মুড়ি আমার হাতে তুলে দেয়। কর্মীদের ভালবাসার এ ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। তিনি বলেন, গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা আওয়ামীলীগের তৃণমূল কর্মীদের অনুভুতি বোঝেন। আমার বিশ^াস নেত্রী আমাকেই মনোনয়ন দেবেন। তিনি আরও বলেন, শেরপুর সদরের মানুষ আজ দুর্নীতি, সুষম উন্নয়ন ও বঞ্চনার প্রশ্নে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। আগামী নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দিলে শেরপুরবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট প্রমুখ। এর আগে ছানুয়ার হোসেন ছানুর সমর্থনে ধলা ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীসহ প্রায় ২ সহস্রাধিক মানুষের একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। তারা ‘আতিক ছাড়া নৌকা চাই, নৌকার মাঝি ছানু ভাই, সাথে আছেন রুমান ভাই’ বলে শ্লোগান দেয়। সেইসাথে মিছিলকারীরা শতাধিক বস্তা মুড়ি প্রদর্শন করে ছানুর পক্ষে নির্বাচনে কাজ করার আগাম ইঙ্গিত দেন।























