শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান রাজা শ্রীবরদীর বিভিন্ন স্থানে পথ সভা করেছেন। ২২ অক্টোবর সোমবার উপজেলার ভায়াডাঙ্গা বিলভরট গ্রামের তার নিজবাড়ি থেকে দুই শতাধিক অটোবাইক ও অর্ধশত মোটরসাইকেলসহ একটি বহর নিয়ে বালিজুরি, কর্ণঝোড়া, কাকিলাকুড়া চৌরাস্তা, শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়, কুরুয়া ও রানীশিমুলসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তিনি পথ সভা করেন। ওইসময় তিনি বর্তমান সরকারের দৃশ্যমান নানা উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করেন ও ভোট প্রার্থনা করেন। এ সময় তার নির্বাচনী প্রচারণার বহরে ও পথসভায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও ৫ শতাধিক সমর্থক।























