নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাউলসহ এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ অক্টোবর সোমবার রাতে উপজেলার নারায়ণখোলা পশ্চিম আক্রামের মোড় মনোহারি ও কীটনাশকের দোকান থেকে মজুদ রাখা ওইসব চাউল আটক করে পুলিশ। ওইসময় উপজেলার চরভবানী এলাকার মৃত গিয়াস উদ্দিনের পুত্র দোকানদার সোহেল রানাকে আটক করে থানা পুলিশ।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণখোলা আক্রামের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৮ বস্তা চাউল পাওয়া যায়। থানা পুলিশের মাধ্যমে তা উদ্ধার করে দোকানটিকে সিলগালা করা হয়েছে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার মিয়া জানান, ওই ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।























