শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে পরকীয়া প্রেমের জের ধরে ২ সন্তানের জননী হাবেজা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। ১৩ অক্টোবর শনিবার রাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের চান্দাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। রবিবার সকালে স্থানীয় আমির হোসেনের বাড়ির পাশের পরিত্যক্ত স্থান থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় আবুল হোসেনের স্ত্রী। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, হাবেজা বেগমের সাথে প্রতিবেশি আমির হোসেনের পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই ঘটনা নিয়ে শনিবার বিকেলে হাবেজা বেগমকে মারপিট করে আমির হোসেনের স্ত্রী হাজেরা খাতুন। ওই অবস্থায় শনিবার সকালে গলায় রশি বাঁধা অবস্থায় হাবেজা বেগমের লাশ পাওয়া যায় আমির হোসেনের বাড়ির পাশে। খবর পেয়ে শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় থানা পুলিশ।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।























