স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় ১৫ অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শেরপুরেও শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। জেলার প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমার গায়ে রং দিয়ে শেষ বারের মত দেওয়া হচ্ছে রং ও তুলির আচড়। এখন দুর্গাদেবীকে ভক্তদের বরণ করে নেয়ার অপেক্ষা শুধু। এবার দেবী দুর্গা আসবেন ঘোটকে, ফিরে যাবেন দোলায়।
জানা যায়, জেলায় এবার ১৪৩টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে। এর মধ্যে সদরে ৬৪টি, নালিতাবাড়ীতে ৩৫টি, নকলায় ১৯টি, ঝিনাইগাতীতে ১৬ ও শ্রীবরদীতে ৯টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
রবিবার সন্ধ্যায় দুর্গোৎসবের প্রস্তুতি প্রসঙ্গে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু জানান, ইতোমধ্যে দুর্গোৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার সকালে দুর্গোৎসব উপলক্ষে জেলা শহরে এক আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে সরকারি বরাদ্দ হিসেবে ৫শ কেজি করে চাল দেয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদ ও পৌরসভা থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, দুর্গা পূজায় শহরে যান চলাচল নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও মোবাইল টিম ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা কাজ করবে।























