স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সনাতন ধর্মাবম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। তিনি ১৪ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ওই আহবান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যের নামে খুনী চক্রকে সঙ্গে নিয়ে একটি মহল যখন ষড়যন্ত্র করছে, ঠিক তখনই হিন্দু সম্পদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সমাগত। তাই ঘাপটি মেরে থাকা অপশক্তি বা বিশেষ স্বার্থ হাসিল করতে তৎপর অশুভ গোষ্ঠী নাশকতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এজন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল দায়িত্বশীল মহলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সেইসাথে তিনি তাবলীগ জামায়াতের বিবদমান দু’পক্ষের সংঘাত এড়াতে জাতীয় নির্বাচনের আগে জেলা পর্যায়ে ইজতেমার অনুমোদন না দেওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা সফল হওয়াসহ জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন।

সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের বক্তব্যের সূত্র ধরে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও সর্বশেষ হুইপ আতিউর রহমান আতিকের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, তাবলীগ জামাতের বিবদমান দু’পক্ষই জেলা ইজতেমা আয়োজনে অনুমতির জন্য আবেদন করেছেন। কিন্তু সংঘাত এড়াতে জাতীয় নির্বাচনের আগে তাদের অনুমোদনের বিষয়টি ভাবা হচ্ছে না। তবে এজন্য মন্ত্রী পরিষদ বিভাগের পরামর্শ চাওয়া হয়েছে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান সোহেল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্য, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান প্রমুখ। সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবে শহরে বিশেষ ব্যবস্থায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, গোয়েন্দা নজরদারী, পুলিশী তৎপরতা বাড়ানো ও অদৃশ্য জুয়া বন্ধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখার উপর গুরুত্বারোপ করেন। ওইসময় এনএসআই উপ-পরিচালক হাবিবুর রহমান, ৫ উপজেলার ইউএনও, বিজিবি প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।























